সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা রোধ করতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছেন করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল কনফারেন্স রুমে “বিশ্ব বাঙালি সম্মেলন ও বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ” আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

কামরুল বলেন, ২০১৩ সালের শেষের দিকে  ভিডিও বার্তার মাধ্যমে দেশব্যাপী যে নাশকতা সৃষ্টি করা হয়েছিল সেটা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা কিসের সাংবাদিকতা। এমন সাংবাদিকতা চলতে পারে না। এই অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যেই জাতীয় সম্প্রচারনীতিমালা করা হয়েছে।

কামরুল বলেন, সবকিছু ফ্রি-স্টাইলে চলতে দেওয়া যায় না। ফ্রি-স্টাইলে সবকিছু চলবে সেটা বিএনপি বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি না। জনগণের মঙ্গলের জন্য ফ্রি-স্ট্রাইল চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর চার নেতা হত্যার মধ্য দিয়ে জিয়ার আসল রুপ বেড়িয়ে এসেছে। জিয়াউর রহমানই পৃথিবীর সবচেয়ে রক্ত ঝড়িয়ে ক্ষমতায় এসেছে। আর জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমান এখন কাজ করে যাচ্ছেন।

সংগঠনের সভাপতি কবি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও  বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান মো. মমতাজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ঢাকা, এমআর, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম