বর্তমান সরকার বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের যে প্রচারণা চালাচ্ছে তারই কারণে ভীত হয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জনাব সজিব ওয়াজেদ জয় এবং সরকারের সমর্থক কিছু মিডিয়া জঙ্গিবাদের ধূয়া তুলে বাংলাদেশকে সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরছে।
মকবুল আহমাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বৃটিশ প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং তার পুত্র জনাব সজিব ওয়াজেদ জয় গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন টাইম্স পত্রিকায় লিখিত এক নিবন্ধে জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
আর তাদের সাথে সুর মিলিয়ে বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র ও টিভি চ্যানেলসহ কতিপয় মিডিয়া বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকার কথা চীৎকার করে প্রচার করছে। তাদের অপপ্রচারের কারণেই বিদেশীরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানে একজন ইতালীয় নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
বিশ্বের শক্তিশালী তিনটি দেশের সরকার কর্তৃক তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সাথে চলাফেরার যে নির্দেশ দিয়েছেন তাতে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে।
আর সরকারের এ অদূরদর্শিতা এবং একগুঁয়েমি মনোভাবের খেসারত জনগণকেই দিতে হচ্ছে। তাই শেখ হাসিনার সরকার যদি দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপকৌশল থেকে সরে না আসে তাহলে জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বর্তমান ব্যর্থ সরকার গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে কর্তৃত্ববাদী শাসন জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে দীর্ঘদিন জগদ্দল পাথরের মত ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য জঙ্গিবাদের ধূয়া তুলে দেশের ভাবমর্যাদা ধ্বংস করে দিচ্ছে।
দেশকে রক্ষার জন্য অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরে দাঁড়ানোর জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার আর কোন উপায় থাকবে না।
এসএইচ





