আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেছে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকাল সোয়া তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত আধা ঘণ্টার বৈঠকে সিইসি প্রতিনিধি দলটির বক্তব্য শোনেন।

বৈঠক থেকে বের হয়ে ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, গত পৌরসভা নির্বাচনে অনিয়ম হয়েছে। সে বিষয়টির পুনরাবৃত্তি যেন আসন্ন ইউপি নির্বাচনে না হয়, সেজন্য সতর্ক করতেই সিইসি’র সঙ্গে দেখা করেছি। নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু তারা সে ক্ষমতা প্রয়োগ করে না। ইউপি নির্বাচনে যেন তাদের ক্ষমতাটা প্রয়োগ সে বিষয়ে আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, যার ভোট তিনি দেবেন। সবার ভোট যেন একজনে না দেন, সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যেন গড়ে ওঠে সে দাবি নিয়েই আমরা এসেছি। জাতীয় সংসদে আমাদের মাত্র সাতজন সদস্য। তাই স্থানীয় পর্যায়ে কতোটুকু অংশগ্রহণ করবে এ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে একটা পরিবর্তন আসতে পারে। রাজনীতিতে সে পরিবর্তনটা আমরা ইতিবাচক পরিবর্তন বলেই কামনা করি।

সব জায়গায় গুলি চালানো হয়,সব জায়গায় পুলিশ লাঠিপেটা করতে পারে। ভোটকেন্দ্র দখল করে ভোট লুটপাট করা হলে তাদের ক্ষেত্রে কেন এ ব্যবস্থা গ্রহণ করা হয় না-এ প্রশ্নও তোলেন ফজলে হোসেন বাদশা।

এআই