মানবতার সঙ্গে তার মা নিজেই প্রহসন করছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মানবতার মাতা কানে তুলা দিয়ে বসে আছেন। জনগণের কথা তার কানে যায় না।’

আজ রবিবার (১০ ডিসেম্বর ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মান্না।

তিনি বলেন, ‘গত এক বছরে দেশে ৫২ জন গুম হয়েছেন এবং বন্দুকযুদ্ধে মারা গেছেন ৮৭ জন। কেউ গুম হলে থানা অভিযোগ নিতে চায় না।

চাপে পড়ে অভিযোগ নিলেও কোনও অগ্রগতি হয় না। মানবাধিকার কমিশন পুলিশের কাছে বিগত ৫ বছরের প্রতিবেদন চেয়েছিল। পুলিশ তা দিচ্ছে না।’

মান্না আরও বলেন, ‘এই সম্মেলনের ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে দিন। সবাই দেখুক কী হচ্ছে এই দেশে।’

এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘একটা মানুষ যখন হারিয়ে যায়, তখন তার পরিবার অনন্তকাল ধরে তার ফিরে আসার অপেক্ষা করে। প্রতি মুহূর্তের অপেক্ষা মৃত্যুর চেয়ে অনেক কঠিন।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কোনও একটা মহল রাষ্ট্রকে অস্থির করছে। এমন কোনও পেশা নেই, যে পেশার মানুষ গুম হয়নি। প্রতিদিন আতঙ্কে থাকে সাধারণ মানুষ।’

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এএস