খুনি মোশতাক-জিয়া চক্র মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, এই ১৫ আগস্টেই খালেদা জিয়া নকল জন্মদিন পালন করছেন। এ নকল জন্মদিন পালন মেনে নেয়া যায় না।
রোববার দুপুরে কুড়িল বড়বাড়িতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ ইসরাফিল আশরাফের উদ্যোগে এ কাঙালি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক এ মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
আলহাজ ইসরাফিল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল লতিফ ময়না, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাহার বেপারী, আবুল বাশার মোড়ল, আজগর আলী মোড়ল, মো. শহিদুল্লাহ, সালাউদ্দিন মোল্লা, জাহেদ আলী, আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর ইসরাফিল আশরাফ গরিব-দুখীদের মাঝে খাবার বিতরণ করেন।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





