হতাশা আর যন্ত্রণার ২৬টি মাস কেটে গেলো ইলিয়াস অনুসারীদের। প্রিয় নেতার জন্য পরিবার-পরিজনের চেয়েও তাদের দরদ কম কিসে! ইলিয়াস আলীর সন্ধান দাবিতে নেতাকর্মীদের লাশ পড়েছে রাজপথে।
এখনো টানতে হচ্ছে মামলার ঘানি। এরপরও থেমে নেই ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে নেতাকর্মীরা অদ্যবধি আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
নেতাকর্মীদের দাবি-টিপাইমুখ ইস্যুসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ইলিয়াস আলীর অগ্রণী ভূমিকা ছিল। তার নেতৃত্বেই সিলেটসহ সারা দেশে আন্দোলন বেগবান হয়। এ কারণেই তাকে গুম করা হয়েছে।
১৭ জুন ইলিয়াস আলী নিখোঁজের ২৬ মাস পূর্ণ হয়। তার শূণ্যতা বুকে লালন করে দিবস এলেই ইলিয়াস অনুসারীরা রাজপথে নামেন। সভা সমাবেশ করে শান্তনা খুঁজেন।
এদিন নগরীর কোর্ট পয়েন্টে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সমাবেশ আহবান করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদ। এ উপলক্ষে নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে এসে জমায়েত হচ্ছেন।
ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম বলেন-এখনো ইলিয়াস আলীকে ফিরে পাব না এ কথা কল্পনায়ও আনি না।
ইলিয়াস আলী ফিরে আসবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন- ইলিয়াস আলীর জন্য যদি আন্দোলন না করি, তবে নিজেদের বিবেকের কাছে ধ্বংসিত হব। ইলিয়াস আলীর এখনও বেঁচে আছেন এবং গুম নামক কারাগারে তাকে আটকে রাখা হয়েছে।
ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন- এম. ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে সরকার যে রাজনীতির সুচনা করেছে, তা এখনো অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি ইলিয়াস আলীকে শেখ হাসিনার গুম নামক কারাগারে আটকে রাখা হয়েছে। যতদিন ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া যাবে। ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মকন মিয়া বলেন- টিপাইমুখ বাধ ইস্যু সহ বিভিন্ন আন্দোলন দমিয়ে রাখতে সরকার ইলিয়াস আলীকে গুম করেছে।
ইলিয়াস আলী জীবিত আছেন উল্লেখ করে তিনি আরো বলেন- ইলিয়াস আলীকে সিলেটের মানুষ ভাল পায়। যে কারণে আজো ইলিয়াস নিখোঁজের আন্দোলন জিইয়ে রেখেছে সিলেটবাসী।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে চালক আনছার আলীসহ নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। এরপর এখন পর্যন্ত তার কোনো খবর নেই।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





