নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবদলের অংশগ্রহণে নির্বাচনের দাবী আদায়ে দেশব্যাপী চলমান গণসংযোগের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেলা পৌঁনে ১১টায়  তিনি রাজধানীর গুলশানের বাস ভবন থেকে সড়কপথে রওনা দেন। বেগম জিয়ার গাড়ী বহর গুলশান-নয়াপল্টন-যাত্রাবাড়ী-কাঁচপুর ব্রীজ-নরসিংদী হয়ে কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন।

সেখানে খালেদা জিয়া বিশ্রাম নিয়ে পরবর্তীতে বিকাল সাড়ে ৩টায় শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জেলা ২০দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

খালেদা জিয়ার গাড়ী বহরে কিশোরগঞ্জ যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমএইচ/এসএইচ