নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া পর্যালোচনার কঠোর সামালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস ও চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সুরঞ্জিত বলেন, সরকারের কাজ সরকার করবে, আদালত নিজের কাজ করবেন। আদালতের কাজ হচ্ছে, আমরা (সংসদ সদস্য) যদি কোনো আইন পাশ করি তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা দেখা। আদালত তো আর গল্প-উপন্যাস লেখার জায়গা না।
এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেছেন, দেশব্যাপি নৃশংসতার বিচার না হলে এর দায় সরকারের উপরই বর্তাবে। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।
সুরঞ্জিত বলেন, দেশব্যাপী ব্লগার হত্যা, নারী-শিশুদের হত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিচার না করতে পারলে এর দায় সরকারের উপরই বর্তায়। তাই এইসব নৃশংসতা বন্ধ করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে একশ’ ভাগ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আছে। আমরা বহু কাঠঘর মাড়িয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই আর চক্রান্ত করে কোনো লাভ নেই। পৃথিবী জুড়ে এখন আর উগ্র, সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির স্থান নেই। এখন প্রগতিশীল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির যুগ।
খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, সরকার পতনের সম্ভাবনা আছে একথা উনি (খালেদা জিয়া) কিভাবে বলেন? কোথায় পেলেন এসব সম্ভাবনা? স্বরাষ্ট্র মন্ত্রীর উচিত ওনাকে তা জিজ্ঞাসা করা। সংবিধান অনুসারে অনির্বাচিত কোনো সরকারের আসার সম্ভাবনা নেই। নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকটি নির্বাচিত সরকারের হাতেই কেবল ক্ষমতা হস্তান্তর করবেন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেন, আসাদুজ্জমান দুর্জয়, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাম্যবাদী দলেন নেতা হারুণ চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা: খন্দকার এমদাদুল হক সেলিম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, সহ-সভাপতি আতিকুর রহমান খোকন, রেজাউল করিম রেজা প্রমুখ।
ইআর





