সকাল ৬টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহস্পতিবার ও রোববার ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। রোববার সকাল ছয়টা থেকে চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে সারা দেশে হরতালের ডাক জামায়াত।

বৃহস্পতিবার ছিল হরতালের প্রথম দিন।

একই সঙ্গে সোমবার সকাল থেকে আবার শুরু হবে ২০ দলের ডাকা হরতাল। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে জামায়াত। এদিকে জামায়াতের ডাকা রোববারের হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর বাইরের স্পর্শকাতর বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে নাশকতা ঠেকাতে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদর দফতর থেকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীতে।

বুধবার সকালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

রায়ের প্রতিক্রিয়ায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।


ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ