ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তাবিথ। এসময় এবার শেষ পর্যন্ত ভোটে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, গতবার ভোটের পরিবেশ ছিল না বলে বর্জন করেছিলাম। এবার যত প্রতিকূলতাই আসুক নির্বাচন ছাড়ব না, নির্বাচনের শেষটা দেখে ছাড়ব।
তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সেই মোতাবেক আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমাদের সন্দেহ আছে। নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। আশঙ্কা থাকলেও চেষ্টা করছি শেষ পর্যন্ত মাঠে থাকার।
তাবিথ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আগের দাবিগুলো আবার করছি। গত নির্বাচনের পরে অনেক নির্বাচন হয়েছে, শেষ পর্যন্ত আমরা ছিলাম। ভোটের কোনো অভিযোগ কিন্তু তদন্ত করা হয়নি। ভোটাররা ভোট দিতে পারেনি গতবার।
ইভিএম বাদ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গতবার বিতর্কিত নির্বাচন হয়েছে, নগরবাসী দেখেছে। তাই ইভিএমে যেন ভোট না হয়, সেটি আমরা বলেছি।
বিএনপির মেয়র প্রার্থী বলেন, ইভিএম নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে। আমরা আশা করি, ইভিএমে ভোট না করার ব্যাপারে তাদের কনভিনস করতে পারব।
এর আগে ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
এমবি





