ছেলের কাছ থেকে কূটবুদ্ধি নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া লন্ডন গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

তিনি বলেন, অনেকদিন পরে মা-ছেলের (খালেদা জিয়া-তারেক রহমান) সাক্ষাৎ হয়েছে ভালো কথা। আমাদের আশা খালেদা জিয়া গণতন্ত্রের পথে ফিরে আসবেন। কিন্তু এই লন্ডন সফরে ছেলের কাছ থেকে কূট বুদ্ধি নিয়ে তিনি আরো উগ্রভাবে রাজনীতিতে আবির্ভূত হবেন বলেই মনে হচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এ সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের কালিহাতিতে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় এলাকাবাসি-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে এ পর্যন্ত চারজন নিহত হন। এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কালিহাতিতে কি এমন ঘটল যে পুলিশের গুলি চালাতে হলো। আবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর এই ঘটনার দায় চাপলো সরকারের উপর।

ওসি সাহেব বললেন, ইন্ধন ছিল। কোন ধরণের ইন্ধন ছিল তা পরিষ্কার করতে হবে। আর প্রকৃত ঘটনার তদন্ত করে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যোগ করেন করেন তিনি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কয়েকজনকে গ্রেফতার করা হলো আবার ফলাফলও ঘোষনা করা হলো। দুটি বিষয় একসঙ্গে হতে পারে না। প্রশ্নপত্র ফাঁস হলে ফলাফল বাতিল আর না হলে গ্রেফতারকৃতদের ছেড়ে দেয়া যেকোন এশটি ঘোষণা দিতে হবে।

প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পৃরস্কারের প্রশংসায় আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, এই পুরস্কার দেশের জন্য গর্বের। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই এই অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী কিছুদিন পরেই জাতিসংঘে যাচ্ছেন; সেখানে তিনি কয়েকটি বিষয়ের নেতৃত্ব দিবেন। আশা করি তিনি দেশের ১৬ কোটি মানুষের মুখ উজ্জল করতে আরো অর্জন নিয়ে ফিরবেন।

সম্পতি সরকারী চাকুরীজীবীদের বেতন স্কেলের প্রশংসা করে তিনি বলেন, এটা অবশ্যই সরকারের সাহসী পদক্ষেপ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন তা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আগেই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা উচিত।  আর সরকারের মধ্যেই সমস্যা সৃষ্টি করতে জমির উদ্দিনের মতো কোনো সরকার ঢুকে পড়েছে কিনা তা দেখতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আখতারুজ্জমান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

ইআর