কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন বলে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু যে সংবাদটি জানিয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য। তবে আগামী সোমবার চিফ মিনিস্টারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।’

শনিবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৪ এর সমাপণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শাহরিয়ার।

এরআগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামকে ডেকে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যূত করতে তৃণমূলের এক রাজ্যসভা সদস্য ভারতবিরোধী হিসেবে পরিচিত বাংলাদেশের ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামকে অর্থ সরবরাহ করছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মমতা তাকে ডেকে পাঠিয়েছেন।’

৫ জানুয়ারির নির্বাচনের আগে ভারতের একটি প্রতিষ্ঠান থেকে জামায়াতকে টাকা দেয়া হয়েছিল নির্বাচন বানচাল করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য- ভারতীয় দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রিপোর্টটা আমরা দেখেছি। আপনারা জানেন দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে যথেষ্ট তৎপরতা চলছে। দুদেশের স্বাধীনতার ক্ষতি হয় এমন কোনো কাজ বাংলাদেশ সরকার এবং ভারত সরকার কেউই করতে দেবে না। এ বিষয়ে তদন্ত চলছে। দুই দেশই বিষয়টি নিয়ে কাজ করছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই