বিচারপতিদের অপসারণ বিল আগামী ১৭-১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।


সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা জানান।


তিনি বলেন, বিচারপতিদের মর্যাদা সমুন্নত রাখতে ও তাদের ভাবমূর্তি উজ্জল করতেই সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাচ্ছি।


সুরঞ্জিত বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানি স্টাইলে সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে ২ জন বিচারপতির রিপোর্টের ভিত্তিতে বিচারপতিদের অপসারণ করেছেন। এটাকে বাতিল করে বিচারপতিদের আরও অধিকতর গণতান্ত্রিক ভাবে অপসারনের জন্যই আমরা সংবিধানে ষোড়শ সংশোধনী করছি।


আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭২-এর সংবিধান প্রনেতারা ড.কামাল হোসেন ও ব্যারিষ্টার আমীরুল ইসলাম বিচারপতিদের অপসারণের ব্যাপারে বিচার-বিশ্লেষণ না করে যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলে বলছে ‘গেল রে সব গেল’।


আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
ঢাকা, এমআর, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর