কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠুনকো। অদ্ভুত এক উটের পিঠে চলছে দেশ। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কি-না এমন প্রশ্নে তিনি বলেন, হতেও পারে, না-ও হতে পারে। তবে ডাল মে কুচ কালা হ্যায়।
টাঙ্গাইল-৮ শূন্য আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে সোয়া এক ঘন্টা শুনানিতে কাদের সিদ্দিকীসহ নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। শুনানির রায় বিকেলে দেয়া হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। গত বৃহস্পতিবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী। আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]