রামপালে বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জাতীয় কমিটির ডাকে আধাবেলা হরতালে পুলিশের সঙ্গে সংষর্ষে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারসহ ৭ জন আহত হয়েছেন বলে হরতালকারীরা অভিযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ওই ৭ জন আহত হন বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি ফারজানা আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ফারজানা জানান, পুলিশের অতর্কিত হামলায় লাকী আক্তার ছাড়াও লাবণী মণ্ডল, উম্মে হাবিবা বেনজীর, রায়হান, নাসির, কাঁকনসহ সাতজন আহত হন।
আহতরা জানান, রামপালের ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা শাহবাগে অবস্থান নেন। হরতাল চলাকালে পুলিশ তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ওই এলাকা ত্যাগের সময় তাঁরাসহ অনেকেই আহত হন।
এমবি





