আনিসুল হক আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সরকার করবে। আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম ঢাকা মহানগর জজ কোর্টে কর্মরত বেঞ্চ সহকারী ও পেশকারদের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বছরের পর বছর একই কর্মস্থলে বহাল থেকে বিচারকদের সন্তুষ্ট করায় বিচার প্রার্থীগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। মাঝখানে তাঁরা বিশাল সুবিধা আদায় করে নিচ্ছেন। তাঁরা মাসে ৫০ হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেন।

এ ব্যাপারে আনিসুল হক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ তাঁদের কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিগত ৫ বছরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে ৬৫৪ জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৫৫১ জন এবং বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ১০৩ জন।

প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এমআর