বর্তমান জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা নিতে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টির তিনজন মন্ত্রীর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ।

রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ বৈঠকে এরশাদ ও রওশন এরশাদ দলের নেতাদের মন্ত্রীত্ব ছাড়ার বিষয়ে একমত হয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।  শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, মাইদুল ইসলাম ছাড়া বৈঠকে জাপার ৪০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের জাতীয় পার্টির তিনজন মন্ত্রী রয়েছেন। এরমধ্যে মন্ত্রী একজন ও প্রতিমন্ত্রী দুইজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জাপার দুই প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও মুজিবুল হক চুন্নু।

বৈঠক সূত্রে জানা গেছে, নেতাদের মন্ত্রীর পদ ছাড়ার বিষয়ে এরশাদ ও রওশন একমত হলেও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা কে হবেন এ নিয়ে এখনও একমত হতে পারেননি জাতীয় পার্টির এই দুই শীর্ষ নেতা।

তবে বৈঠকের পর রওশন এরশাদ জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের পক্ষে সংসদ সদস্যদের স্বাক্ষর নিয়েছেন বলে জানিয়েছেন এক নেতা।
বিরোধী দলের উপনেতা পদে রওশনের পছন্দের কাজী ফিরোজ রশিদ হলেও এরশাদের পছন্দ দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। এ নিয়ে জাপার দুই শীর্ষ নেতার মধ্যে দ্বন্দ্ব চলছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমাদের দলীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত আপনাদের পরে জানাবো।’

সংসদীয় দলের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।

ঢাকা, ৩১ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ