জনগণের ভয়ে নির্বাচন বর্জনকারীরা বিদেশি চক্রান্তকারীদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইবিএ) মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, জনেগণের ভয়ে ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াত এখন বিদেশি চক্রান্তকারীদের কাঁধে ভর করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। বিশ্ব মুসলিমের শত্রু ইসরায়েলিদের সঙ্গে মিলে এদেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ছাড়া আর কারা ছিলো মোসাদের সঙ্গে চক্রান্তে তদন্ত রিপোর্ট প্রকাশ পেলেই সব তথ্য বেরিয়ে আসবে। লন্ডনে বসে কারা এই ষড়যন্ত্রে ইন্ধন দিয়েছে তা চেপে রাখা যাবে না। বিএনপি জামায়াতের সকল চক্রান্ত মোকাবেলায় তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগকে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ সকল সূচকে এগিয়ে যাচ্ছে। আমরা একটি বাসযোগ্য রাজধানী করতে নগরবাসীর সহায়তায় প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছি। চারদিকে পরিবর্তনের হাওয়া বইছে। কিন্তু ষড়যন্ত্রও থেমে নেই। হঠাৎ করে দেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে। হত্যার পরপরই সবার আগে যারা এর প্রতিবাদ জানায় সেই বিএনপি-জামায়াতই এসব হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ করেন এই নগরপিতা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবগঠিত সভাপতি-সম্পাদককে দেওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি। এসময় নবগঠিত শাহবাগ থানার নতুন কমিটিকেও সংবর্ধনা দেওয়া হয়।

সমিতির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শাহবাগ থানা সভাপতি জিএম আতিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল হামিদ খান, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির প্রমুখ।

এমআইএস