আইনমন্ত্রীকে সংবিধান পুনরায় পড়ার উপদেশ দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আইনমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে সমাবেশে থেকে তিনি এ উপদেশ দেন।
ইমরান বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ৩ ধারা সংশোধন করে সংগঠনের বিচারের সুযোগ করা হয়েছে। কিন্তু তারপরেও আইনমন্ত্রী হয়ে কিভাবে এমন অযৌক্তিক বক্তব্য প্রদান করেন। এ আসলে জামায়াতের সঙ্গে সরকারের আতাতের নামান্তর।’
আইনমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করে ইমরান বলেন, ‘আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। জামায়াতের সঙ্গে আতাতের বশে তিনি এসব কথা বলছেন। তিনি যে তিনটি কারণ ব্যাখ্যা করেছেন তা অমূলক। আইনমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তার এই বক্তব্য গোটা জাতি ও মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছে।’
বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করা আপাতত সম্ভব নয়।’
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার, শামীম, সনাতন উল্লাহ, শিবলী হাসানসহ প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]