রাজধানীতে মাইক্রোবাসে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ডা: শফিকুর রহমান বলেন, এ নির্মম ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই। এ ঘটনার দ্বারা দেশের নারী সমাজকে অপমানিত করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তরা মানুষ নামের কলম্ক।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে এ কলম্কিত ঘটনা তারই জলন্ত প্রমাণ।

দেশে আজ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, গুম, হত্যা, অপহরণ সর্বগ্রাসী রূপ ধারণ করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষের জান-মাল ও ইজ্জত-আবরুর কোন নিরাপত্তা নেই। অথচ দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আবরুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে হত্যা, গুম, অপহরণ ও মানুষের বাড়ি-ঘরে লুটতরাজ অব্যাহতভাবে সংঘটিত হচ্ছে। এ জন্য সরকারই দায়ী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১মে, ২০১৫) রাতে রাজধানী ঢাকার কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী গারো তরুণীকে দুর্বৃত্তরা মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসের মধ্যে গণধর্ষণ করেছে।

এমকে