গত ২-৩ মাসে বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের চ্যালারা আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কৃষকের কোমর বেঙ্গে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
মঙ্গলকবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতি আয়োজিত উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য, কৃষিবীমা বাস্তবায়ন ও ঋণগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সুযোগ প্রদানের দাবিতে কৃষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে বিএনপি-জামায়াত  হরতাল-অবরোধ দিয়েছে। এ কারণে কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে না পারায় কৃষকরা ন্যায্যমূল্য পায়নি। ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে।
সভায় উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে উদ্দেশ্য করে ভূমিমন্ত্রী বলেন, আপনি কৃষকদের সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসুন। যারা অসহযোগীতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কৃষকদের উন্নয়নে এ সরকার সব ধরণের সহযোগিতা করা হবে বলেও জানান শামসুর রহমান।
সংগঠনের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, সংগঠনের উপদেষ্টা মেজর (অব) সোলায়মান, সাংগঠনিক সম্পাদক কফি বারী প্রমুখ।
ঢাকা, এমআর, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর