কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দৈনিক কালের কণ্ঠের সাথে আলাপকালে “শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে যে জঙ্গি হামলা হয়েছে তা জামায়াত-শিবির ঘটিয়ে থাকতে পারে” এ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ও শামীম মোহাম্মাদ আফজাল জঙ্গিবাদী হামলার সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

তিনি বলেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ তাদের ফতোয়ার জন্য স্বাক্ষর সংগ্রহে জামায়াত ও ছাত্রশিবির বাধা দিয়েছে এবং আইএসের সাথে জামায়াত-শিবিরের যোগসূত্র থাকার যে অভিযোগ করেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াত ও ছাত্রশিবির তাদের ফতোয়ার জন্য স্বাক্ষর সংগ্রহে কখনো বাধা দেয়নি এবং আইএসের মাথে জামায়াত ও ছাত্রশিবিরের যোগসূত্র থাকার প্রশ্নই আসে না।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং শামীম মোহাম্মাদ আফজাল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন।
এ ধরনের ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমি তাদের প্রতি আহবান জানাচ্ছি।”

এসএম