নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভৌগলিক ও আর্থ-সামাজিক অবস্থার দিক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপক’লীয় অঞ্চল একটি ঝুঁকিপূর্ণ এলাকা। উপকুলীয় এ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার ঢাকায় এলজিইডি ভবনে এলজিইডির  কোস্টাল ক্লাইমেট  রিসিলিয়েন্ট ইনফ্রাস্টাক্চার প্রজেক্ট (সিসিআরআইপি) তথা উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিনব্যাপী ইনসেপশন ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।  
শাজাহান খান বলেন, বাংলাদেশের সম্পদ  সীমিত। এ সীমিত সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা সম্ভব নয়। তিনি বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বৈদেশিক সাহায্যপুষ্ট সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
এলজিইডি’র প্রধান  প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, কেএফডব্লিউ’র ঢাকা আঞ্চলিক অফিসের সেক্টর স্পেশিয়ালিস্ট এস এম মেহেদী হাসান, ইফাদ এর কান্ট্রি প্রোগ্রাম অফিসার নিকোলাস সাইয়েদ, এডিবি’র প্রতিনিধি ওলেগ তনকোনোজনকভ এবং প্রকল্প পরিচালক এ কে এম লুৎফর রহমান।
ইফাদ, এডিবি, কেএফডব্লিউ ও বাংলাদেশ সরকারের অর্থায়নপুষ্ট সিসিআরআই প্রকল্পটি বাংলাদেশের উপকুলীয় ১২ টি জেলার নির্বাচিত উপজেলাসমূহে দরিদ্র পরিবারসমূহের জন্য বর্ধিত আয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জীবিকার মানোন্নয়নের জন্য কাজ করছে।
প্রকল্পের উদ্দেশ্য হলো প্রকল্প এলাকায় জলবায়ু সহনীয় উপকুলীয় সড়ক ও বাজার অবকাঠামো এবং জনগণের জীবন মান উন্নয়ন করা।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]