চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও সেক্রেটারিসহ ৯ শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার এবং কালশিতে ১০ জন নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১৩ জুন রাতে চুয়াডাঙ্গা জেলা শাখা শিবিরের সভাপতি তরিকুল ইসলাম ও সেক্রেটারী আমিনুল ইসলামসহ ৯ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। ১৪ জুন সকালে মীরপুরের কালশিতে এলাকাবাসী, বিহারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়। এসব ঘটনার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াত নেতা দাবি করেন, সরকার অন্যায়ভাবে সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার গণতন্ত্র ও আইনের শাসনের কবর রচনা করছে। সরকারের এ জুলুম-নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডা: শফিকুর রহমান বলেন, কালশিতে ১০ জন নিহত হওয়ার ঘটনা এবং নাটোরের বাগাতিপাড়ায় অগ্রণী ব্যাংক ও পটুয়াখালী জেলার গলাচিপায় পূবালী ব্যাংকে দুর্বৃত্তদের ডাকাতির চেষ্টার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে। এতে প্রমাণিত হচ্ছে যে, দেশে কি সাংঘাতিক পরিস্থিতি বিরাজ করছে।

দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দিকে সরকারের কোন খেয়াল নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় আকঁড়ে থাকতে ব্যস্ত রয়েছে। মীরপুরে ১০ জন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিগণকে উপযুক্ত শাস্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম ও সেক্রেটারী আমিনুল ইসলামসহ সারাদেশে জামায়াত শিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ