খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজনীতির নামে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন বিএনপি নেত্রী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। অভিনেতা এটিএম সামসুজ্জামানের এতে সভাপতিত্ব করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।
মন্ত্রী বলেন, তথাকথিত নাগরিক সমাজের নেতারা গণভোট, রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি ও সাংসদদের সঙ্গে আসন ভাগাভাগির তত্ত্ব দিচ্ছেন, কিন্তু দেশ যে আগুনে জ্বলছে তা বন্ধ করতে তারা কোনো তত্ত্ব দিচ্ছেন না। তাদের জন্য তাই দু:খ হয়।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো উস্কানি বা চক্রান্তে গণতন্ত্রের বিরুদ্ধে যাবে না। আর বিএনপি জোট যা করছে তা তাদের অনেক সিনিয়র নেতারাই চাচ্ছেন না।
কামরুল বলেন, বিএনপি এখন জামায়াতের পেটে ঢুকে গেছে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে। সামনে এমন সময় আসবে বেগম জিয়া আপনি এই জঙ্গিদের হাত থেকেও রক্ষা পাবেন না। তারা আপনাকেও ছাড় দেবে না।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ২০ দলেন দাবি সংলাপ নয়, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন নয়, তারা মূলত স্বাধীনতা বিরোধী ও খুনীদের রক্ষা করতে চায়। তাই বলতে চাই, এসব পশুদের সঙ্গে কোনো ধরণের সংলাপ হতে পারে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি অভিনেতা এটি এম শামসুজ্জমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলোরম পোদ্দার, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
এমএ/এআর/ইআর





