বিএনপির কমিটি পুনর্বিন্যাসের মাধ্যমে বঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাদের নতুন করে স্থান দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
দলের এক ব্যক্তির এক পদ আইন করে গঠনতন্ত্রে যে সংশোধনী আনা হয়েছে, সে অনুযায়ী অনেক পদ খালি হবে জানিয়ে ড. মোশাররফ বলেন, ‘আমরা গঠনতন্ত্রে সংশোধনী এনেছি। এখানে হয়তো এমন অনেকে আছে যারা এক ব্যক্তি দুই পদে আছেন। এটার পুনর্বিন্যাস করা হবে। সেখানে অনেক পদ খালি হয়ে যাবে। যাঁরা পদবঞ্চিত, তাঁদেরকেই সেখানে পদে দেওয়া হবে।
আবার সেখানে হয়তো বা সিনিয়রিটি জুনিয়রিটির কিছু বিন্যাসের প্রয়োজন হতে পারে। সেই বিন্যাস করা হবে। এবং আমাদের এখনো অনেকগুলো পদ খালি আছে। এগুলো পূরণ হবে। আমার বিশ্বাস, যারাই ছোটখাটো মনঃকষ্টে আছে আশা করি সেটা আর থাকবে না।’
কাজেই যে সব যোগ্য ও ত্যাগী নেতা মনঃকষ্টে আছেন, তাঁদের কমিটি পুনর্বিন্যাসের মাধ্যমে উপযুক্ত পদ দেওয়া হবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির কমিটি নিয়ে যারা নেতিবাচক বক্তব্য দিচ্ছেন তাঁদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এর আগে গত ৬ আগস্ট স্থায়ী কমিটির ১৭ সদস্যসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে বিএনপি। নির্বাহী কমিটির আকার বাড়িয়ে করা হয়েছে ৫০২ সদস্যের। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই কমিটি ঘোষণার পরপরই নুতুন কমিটিতে বাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোসাদ্দেক হোসেন ফালু। এছাড়া প্রকাশ্যে-অপ্রকাশ্যে বিভন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। কোথাও কোথায় মিছিল করেও এর প্রতিবাদ জানানো হয়।
এসএম





