চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ৫৮০ নং ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এ খবর নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এসময় দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিমান বন্দরে বিদায় জানান। চিকিৎসা শেষে আগামী ২১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
প্রায় দুই মাস বিদেশে চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ২৬ জুলাই তিনি সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক যুক্তরাষ্ট্র যান বিএনপির এই নেতা। গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে পুনরায় সিঙ্গাপুরে হয়ে দেশে ফিরেন।
৫ জানুয়ারি প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। পরে বিভিন্ন নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন তিনি। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিমকোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন।
এমএইচ





