মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জনমানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মওলানা ভাসানী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর রাজনীতি ভোগের ছিল না, ছিল ত্যাগের। শোষণের ছিল না, ছিল সেবা ও ভালোবাসার। তাঁর রাজনীতি ছিল জনমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য।
মওলানা ভাসানীর আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ভাসানীর মতো নেতাদের কখনও মৃত্যু হয় না, যেমনটি শহীদদের মৃত্যু হয় না।
ব্যারিস্টার রফিকুল বলেন, রাজনীতিতে এখন সবচেয়ে বড় জঞ্জাল হলো দুর্নীতি, অপশাসন ও ভোগবাদ। আজকে রাজনীতিতে ভোগবাদীদের সংখ্যা বেড়ে গেছে। এই ভোগবাদীদেরকে ভাসানী পছন্দ করতেন না। তিনি গরীব ও মেহনতি মানুষের রাজনীতি করতেন।
তিনি বলেন, এখন আমরা তিস্তার পানি পাচিছ না। ভাসানী পানির দাবিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। রাজনীতিতে ভাসানীর চেতনা ও আদর্শ টিকে থাকুক। আসুন ভাসানীর আদর্শে উজ্জিবিত হয়ে সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে জীবন গড়ে তুলি।
ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউর হক মিলু সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নূর মোহাম্মদ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. পিয়াস করিম, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এডবোকেট কাজী মুনিরুল হুদা, সাবেক ছাত্র নেতা নজমুল হক নান্নু, ছড়াকার আবু সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]