মুক্তিযুদ্ধের উপ-প্রধান ও অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম)কে আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা সেক্টর কামান্ডার্স ফোরামের সভাপতি ও সেনাবাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ।
তিনি বলেছেন, তিনি (এ কে খন্দকার) তো স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতায় ছিলেন। ওই সময় বাংলাদেশ থেকে তো অনেকেই কলকাতায় চলে গিয়েছিলেন। এ কে খন্দকারকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করতে হয় তাহলে তাদেরকেও তো মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করতে হবে।
আজ দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সেক্টর কমান্ডারর্স ফোরাম ঢাকা বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম শফি উল্লাহ একথা বলেন।
আলোচনা সভা শেষে সাংবাদিকরা এয়ার ভাইস মার্শাল অব. এ কে খন্দকারের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় পদবী প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্য কে এম শফি উল্লাহ বলেন, তার পদবী থাকাটা অযৌক্তিক।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত এ কে খন্দকারের বই (ভেতরে-বাইরে ’৭১) এবং তা নিয়ে যে বিতর্ক তাতেই প্রমাণিত হয় যে, তিনি মুক্তিযুদ্ধ করেন নি।
এএইচ





