সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যেকোন সম্মেলনে বিশেষ করে আন্তর্জাতিক সম্মেলনে সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং মান বজায় রাখা আসল বিষয়।
৪র্থ Global Circle for Scientific, Technological and Management Research (GCSTMR) World Congress সম্মেলনটি তাঁর আন্তর্জাতিক মান বজায় রেখেছে। সে বিবেচনায় এটি একটি অত্যন্ত সফল সম্মেলন।
আশা করছি, আগামীতে মান ও বিশেষজ্ঞদের উপস্থিতি বিবেচনায় এটি আরো সফল সম্মেলনে পরিণত হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আই ই বি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ৪র্থ Global Circle for Scientific, Technological and Management Research (GCSTMR) World Congress সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, যেকোন দেশের বিবেচনায় পরিবেশের ভারসাম্য রক্ষাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত সফলতার সঙ্গে এমডিজি বাস্তবায়ন করেছে।
এরই ধারাবাহিকতায় রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর প্রফেসর এম এ হান্নান, ঢাকা প্রকৌশল বিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ইঞ্জিনিয়ার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার আবুল হোসেন, ওয়েস্টার্ণ সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ভিভিয়ান ট্যাম , অস্ট্রেলিয়ার আর এম আই টি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামস্ রহমান ও ওয়েস্টার্ণ সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিদেলিস মাশিরি।
মুতাসিম





