বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের বিষয়ে জোটের সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে কবে জোটের বৈঠক হবে, নজরুল ইসলাম তা জানাননি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আর এ গণি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সারওয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন।

পরে অপেক্ষমাণ সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর সহকর্মী হিসেবে তাঁরা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে কার্যালয়ে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোকোর কুলখানির তারিখ এখনো নির্ধারণ হয়নি।

এসএসসি পরীক্ষা সামনে রেখে চলমান অবরোধ অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘২০-দলীয় জোটের সমন্বয় কমিটির বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএইচ