বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ বলেছেন, ভোটারবিহীন ৫ জানুয়ারি নির্বাচনে অটোমেটিক সরকারের স্বয়ংক্রীয় প্রধানমন্ত্রী আজ এক অদ্ভুত নির্বাচন উপহার দিলেন। বিএনপি যদি জাতীয় নির্বাচনে অংশ নিত তাহলে আজকের মতই অবস্থা হতো বলেও তিনি যোগ করেন।
বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দফা সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ভোট কেন্দ্র দখল, কারচুপি, জাল ভোটের অভিযোগ করে বিএনপি স্থানীয় পর্যায়ে আগামীকাল বৃহস্পতিবার  এসব উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বলে জানান রিজভী।
এসব উপজেলা হচ্ছে বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, ঝিনাইদহের সদর ও শৈলকুপা, কিশোরগঞ্জের বাজিতপুর, পাবনার সুজা নগর, বগুড়ার সোনাতলা, শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা, সিরাজগঞ্জের কাজিপুর এবং মেহেরপুরের সদর উপজেলা।
তিনি বলেন, এছাড়াও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান এবং বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশ গ্রহণের ব্যাপারে রিজভী আহমেদ বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলে কি অবস্থা হতো আজকের এই নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু ও শাহাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]