চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর দেখতে চান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার (১৩ মে) পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ১২ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এ সমাবেশ আয়োজন করে।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘এ বছরের বাজেটে যোগাযোগ খাতে বেশি বরাদ্দ থাকবে। চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।’

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা বাংলাদেশে বসে এখনও পাকিস্তানের স্বপ্ন দেখেন জনগণ তাদের ক্ষমা করবে না। জামায়াত-বিএনপি নির্মূলের দায়িত্বও নেবে এ দেশের জনগণ।’

সমাবেশে আরও বক্তব্য দেনবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম।

সমাবেশ শেষে সংগঠনের এক বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমই