গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহবান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আর আমরা বসে থাকবো? আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি।
তিনি বলেন, পরশু দিনের (৬ নভেম্বর) সমাবেশে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন- ৬ তারিখের জনসভায় আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। কিন্তু আন্দোলন মনে সহিংসতা নয়, ভাঙচুর নয়।
আজ (৪ নভেম্বর ২০১৮) রবিবার, সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয় মানবাধিকার আন্দোলনের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে “গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনঃ প্রেক্ষিত বাংলাদেশ”শীর্ষক এক আলোচনা সভা ও কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, কিছুই করি নাই, তাতেই তাদের যে অবস্থা, কিছু করলে কি হবে? সন্ত্রাস কাকে বলে, তা আপনারা করছেন। গুম-খুনের ইতিহাস আপনাদের সবচেয়ে বেশি। এইসব পথ বাদ দিয়ে একটা সুষ্ঠু সুন্দর পথে আসুন।
তিনি বলেন, আমরা যদি আলোচনায় সমস্যার সমাধান করতে পারি, তাহলে আন্দোলনে যাওয়া লাগবে না। কিন্তু আলোচনা হবে না বলে ছলচাতুরি করে ক্ষমতায় টিকে থাকবেন তা হবে না। যদি মনে করেন গতবারের মতো নির্বাচন করে পার পেয়ে যাবেন তবে মনে রাখেন, এবার কোনও পথ পাবেন না। এবার সবক্ষেত্রে লড়াইয়ের মোকাবিলা করে যেতে হবে আপনাদের।
মান্না আরো বলেন, আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি। আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে?
প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনও বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে।
মান্না আরও বলেন, আপনি অনেক শাসনের নামে শোষণ করেছেন। এখন আপনার যাওয়ার সময় হয়েছে। তফসিল ঘোষণা না করে সংবিধান সংশোধন করুন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনি এখন বিদায় হন। আপনার যাওয়ার সময় হয়েছে।
জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব খন্দকার মো: মহিউদ্দিন মাহির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সাবেক এমপি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট তাসমিন রানা, জাগপার রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সদস্য আল রাশেদ প্রধান, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: আল আমিন, কাজী জাফর আল-মামুন, ফাতেমাতুজ জোহরা মিতু, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান খান, আদর্শ নাগরিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি পাঠান আজহার উদ্দিন প্রিন্স, মো: দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.সাইফুল ইসলাম মজুমদার প্রমূখ। এছাড়াও সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উজ্জল আহম্মেদ পাপ্পু, প্রচার সম্পাদক মো: সালাহ উদ্দিন সাকিব, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি: রাকিব রহমান নিরব, সহ-অর্থ সম্পাদক তন্ময় হাসান লিমন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমূখ।
এসএম





