নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রশ্নের জবাব দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি ৩১ দলের সাথে কথা বলেছেন। তার ভিত্তিতে তিনি সার্চ কমিটি করেছেন।’তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘বিভ্রান্তি ছড়াবেন না। কোনো লাভ হবে না। বহু বিভ্রান্তি ছড়িয়েছেন, আর নয়।’
আজ শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বিএনপির রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। আমি সাবধান করতে চাই জাতিকে; জন্ডিস কিন্তু একটা সংক্রামক রোগ। বিএনপি আর জামায়াত থেকে সাবধান থেকেন। কারণ ওরা কিন্তু এ সংক্রামক রোগের মতো ছড়াতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইদরিস আলী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সভাপতি একেএম এ হামিদ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রকৌশলী নূরুল ইসলাম, জহুরুল হক মুন্সি প্রমুখ।
এমই





