নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ টা আসনও পাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে” এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ১০ টা সিটও পাবে না আওয়ামী লীগ। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সার্চ কমিটির নামে রকিব মার্কা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
বিএনপি কঠিন সময়েও নির্বাচনে অংশগ্রহণ করে ৩৮টি সিট পেয়ে বিরোধী দলে ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সরকারের এত ব্যর্থতা হয়েছে তারা নির্বাচনে বিজয়ের ফলাফলই খুঁজে পাবে না।
তিনি আরো বলেন, আমাদের নেতা কর্মীদেরকে মামলা হামলা ও নির্যাতন করে আন্দোলনের বাইরে রাখার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। জনগণের আন্দোলনেই দুঃশাসনের পতন নিশ্চিত হবে।
তিনি অবিলম্বে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।
এমবি





