বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এ দেশের মানুষের জন্য এদের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে গত ৪৫ বছরে ‘ফণী’র মতো ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ আসেনি। কিন্তু সরকার এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

আজ (০৩ মে) শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘খালেদা জিয়ার মুক্তি ও দেশব্যাপী খুন, গুম ও নারী নির্যাতনের প্রতিবাদে’ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এইসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে সরকারের নির্দেশেই কারাগারে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “শুধু জিয়া পরিবার ও বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যেই তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

বিএনপির সিনিয়র এই যুগ্ম-মহাসচিব বলেন, “২৯ তারিখ রাতে ভোটারবিহীন সরকারের হাতে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। প্রতিনিয়ত নুসরাতের মতো হাজার হাজার মেয়েকে এই সরকারের আমলে জীবন দিতে হচ্ছে।”

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকারের উচিত দেশ পরিচালনায় তাদের অপারগতা স্বীকার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, “আপনাদের মতো নেতাকর্মী থাকতে খালেদা জিয়াকে আর বেশিদিন কারাগারে থাকতে হবে না। রাজপথে আন্দোলন করে তাঁকে মুক্ত করে আনব।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়া পল্টন থেকে শুরু  হয়ে কাকরাইল মোড় হয়ে আবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।  

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র- যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেবা খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি