বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, তা রীতিমতো হাস্যকর।”
আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে প্রধান দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এইসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, “এই শ্রমিক নেতার কারণেই সড়কে যত প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে, তখনই এই শাজাহান খানরাই বাধার সৃষ্টি করেছে। মূলত সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই নেতাই (শাজাহান খান) অনেকাংশে দায়ী। কাজেই তাঁকে আহ্বায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে, তা জাতির সঙ্গে তামাশামাত্র।”
রিজভী বলেন,“সড়কে বিশৃঙ্খলা এবং মর্মান্তিক দুর্ঘটনার কত যে পুনরাবৃত্তি হবে, তা বলা বাহুল্য। জনগণের কাছে যখন জবাবদিহি থাকে না, তখন জনদুর্ভোগ সৃষ্টিকারীরাই সর্বত্র বেআইনি কর্তৃত্ব করে। তাদের দ্বারা জনগণ ক্রমাগত প্রতারিত হতে থাকে। মিডনাইট নির্বাচনের পর এটি জনগণের সঙ্গে আরেকটি শ্রেষ্ঠ প্রহসন।”
সম্প্রতি নতুন তিনটি ব্যাংক অনুমোদনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনস্বার্থ ও রাষ্ট্রীয় অর্থনীতি ধ্বংস করছে। এসময় তিনি ঢাকায় চলমান গ্যাস সংকটের ব্যাপারেও সরকারের সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বিএনপির দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
এমবি





