গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘গার্মেন্টস শিল্পে নারীদের অংশগ্রহণ ব্যাপক হারে বাড়ছে। আসলে ধর্ম ও গ্রামপ্রধান একটি দেশে এটি বিস্ময়কর। এটা বলতে হবে যে, এখানে একটি বড় ধরনের সামাজিক বিপ্লব ঘটে গেছে। এ জন্যই বলতে পারি, এদেশটার ভবিষ্যৎ আছে।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘পোশাক শিল্প শ্রমিকদের কর্মস্থলে জীবনের নিরাপত্তা, তাজরীন অগ্নিকাণ্ড, রানা প্লাজা ধসে নিহত, আহত, নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণসহ মানবাধিকার লংঘনের ঘটনাবলিতে কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় আইন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
কামাল হোসেন বলেন, ‘শিল্পকে কেন্দ্র করে এখন আমরা স্বপ্ন দেখি। গার্মেন্টস শিল্পে সবাই খারাপ এটা বলা ঠিক না। এখানে ভাল অনেকেও আছেন। কিন্তু সবার মধ্যে সমন্বয় দরকার। কারণ গার্মেন্টস শ্রমিকদের একটি ফেডারেশন থাকবে এ কথা আমি বলছি না, কিন্তু ৫৪টি ফেডারেশন থাকা উচিত না।’
তিনি বলেন, ‘বঞ্চিতরা ঐক্যদ্ধ হবে এটাই স্বাভাবিক। কিন্তু শাসকরা তা হতে দেয় না। কারণ তা হলে তাদের স্বল্পসংখ্যক মানুষের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, গার্মেন্টস শিল্পে যে দুর্ঘটনা ঘটছে তা প্রতিরোধে ভবন নির্মাণে সতর্ক হতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও অর্থনীতিবিদ এম এম আকাশ।
এএইচ





