বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কাফরুল থানার উদ্যোগে নগরীতে দরিদ্র ও দুঃস্থ মানুষের মধ্যে কোরবানীর গোশত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন- কাফরুল থানা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল করিম, জামায়াত নেতা আব্দুল মতিন খান, কাওসার আহমেদ, শামসুল ইসলাম ও তাওফিক আলম প্রমূখ।
লস্কর মোহাম্মদ তসলিম বলেন, ত্যাগ ও আত্মৎসর্গের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আবারও হাজির হয়েছে। আজ প্রতিটি ঘরে ঘরে ঈদ আনন্দ চলছে। কিন্তু বিত্তহীনরা অর্থাভাবে ঈদের আনন্দ থেকে কিছুটা হলেও বঞ্চিত।
তাই আমরা সীমিত সামর্থ নিয়ে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়ার জন্য এগিয়ে এসেছি। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনের জন্য অব্যাহত থাকবে। তিনি দুঃস্থ ও আর্ত মানবতার সেবায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, পুরো মুসলিম উম্মায় ঈদুল আজহার উৎসব চলছে। কিন্তু সরকারের জুলুম-নির্যাতন, অপশাসন ও দুঃশাসনের কারণে পুরো জাতি আজ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত।
মূলত সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ জাতীয় নেতাদের দীর্ঘদিন করারুদ্ধ করে রেখেছে।
সরকারের বিরোধী দল নির্মূলের ষড়যন্ত্রের অংশ হিসাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দিয়ে তাদের ভিটেমাটি ছাড়া করা হয়েছে।
তাই ঘরে ঘরে চলছে কান্নার রোল। তাই ঈদকে অর্থবহ করতে হলে এই 'জালিম ও ফ্যাসিবাদী' সরকারের পতনের বিকল্প নেই। তিনি জালিম সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি।
কেএ





