দেশে প্রতিবছর সাত লাখ মানুষ অসংক্রামক রোগে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরে ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মধ্যে ৭০ শতাংশই (সাত লাখ মানুষ) অসংক্রামক রোগে মারা যান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার তৎপরতার কারণে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে থাকলেও অসংক্রামক রোগ বেড়ে গেছে। এসব বিষয়ে গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা নিতে সহজ হয়। ভালো চিকিৎসা দিতে গেলে গবেষণা দরকার।
তিনি বলেন, দূষণ, লাইফস্টাইল ও খাদ্যভ্যসের জন্যও অসংক্রামক রোগগুলো বেড়ে যায়। শুধু তাই নয়, মোবাইল-কম্পিউটার বা টেলিভিশনের স্ক্রিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বাড়ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। এ কারণে হাসপাতালে বেশ চাপ পড়ে, আত্মহত্যাও বাড়ছে।
তিনি আরও বলেন, যে দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না সে দেশ এগিয়ে যেতে পারে না। ভালো স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ ও স্বাস্থ্যকর্মী। আরও ভালো সেবা দিতে প্রয়োজন গবেষণা। প্রতিটা দেশ ভিন্ন ভিন্ন সমস্যায় ভুগছে।
এবিএস





