জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ-বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের শিকড় ধরে টান দিয়েছে। কুষ্টিয়ার সীমান্তে ভূমি দখলের মধ্য দিয়ে লাখো শহীদের বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ভূমি দখলের বিরুদ্ধে সরকারের নীরবতা প্রমাণ করে এ সরকার দিল্লীর তাবেদার সরকার।
ভারতীয় বিএসএফ কতৃক বাংলাদেশের ভূমি দখল ও সীমান্তে হত্যা বন্ধের প্রতিবাদে রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর জাগপার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিজয়ের সময়ই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে আসতে দেওয়া হয় নাই। ইন্ডিয়ান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানীদের আত্মসমর্পনে বাধ্য করা হয়। এর পরের ইতিহাস নির্মম লুন্ঠনের ইতিহাস।
প্রধান বলেন, ফারাক্কা তিস্তাসহ ৫২টি নদীর উজানে বাঁধ দিয়ে সোনার বাংলাকে মরুভূমি বানোনোর ইতিহাস। সীমান্তে শহীদ ফেলানীসহ বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। পিলখানায় নির্বিচারে সেনা হত্যা ও বিডিআর ধ্বংসের ইতিহাস।
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ১৯ দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান সংগ্রামকে তীব্র করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। বক্তব্য রাখেন জাগপা সহ- সভাপতি মহিউদ্দিন বাবলু,মাস্টার এম.এ মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এম রহমান,নগর জাগপা নেতা আরিফ হোসেন ফিরোজ,জাগপা ছাত্রলীগ নেতা সাইফুল আলম প্রমুখ।
ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ