‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করে নতুন খেলায় মেতে উঠেছেন। বিদেশিদের উপর হামলা এবং তাজিয়া মিছিলে বোমা হামলা খালেদার ষড়যন্ত্রেই হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল এবং পাকিস্থান বা আফগানিস্থান বানানোর চেষ্টায় বিএনপি–জামায়াতের পৃষ্টপোষকতায় এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের সময় বিএনপি-জামায়াত পেট্রল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা করেছ। এ বছরের গোড়ার দিকে একই কায়দায় মানুষ হত্যা করেছে। এসব ষড়যন্ত্র এবং হত্যা করে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করে গার্মেন্টস, বিদেশি বিনিয়োগ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হচ্ছে বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলা।
আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।
এমএ





