জনগণের বিজয়কে যারা প্রত্যাখান করে তাদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আাওয়ামী যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিন আয়োজিত এক সাধারন সভায় তিনি একথা বলেন।
কাদের বলেন, জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনার সরকার নির্বাচিত করেছেন। যারা এই বিজয়কে প্রত্যাখান করে তাদের পদত্যাগ করা উচিৎ।
তিনি বলেন, শেখ হাসিনা আজ জাতীয় নেতা রাষ্টনায়ক বলে দেশের জন্য চিন্তা করছেন। তিনি দেশকে এগিয়ে নিতে সুদূরপ্রসারী চিন্তা করছেন। তাইতো ২১ থেকে ৪১ এ গেছেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সেতুমন্ত্রী বলেন, বিএনপির চালকরা বেপরোয়া। যেকোন সময় দূর্ঘটনা ঘটাতে পারে। যে মহাসচিব ১০ বছরেও ১০ মিনিটের আন্দোলন করতে পারেনি লজ্জা থাকলে তার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার নেতৃত্বে জনজাগরণ সৃষ্টি হয়েছে। তাই তাদের সহ্য হচ্ছে না।
টিআইবির ব্যাপারে ওরায়দুল কাদের বলেন, তারা অলিক ও রূপকথার গল্প সাজাচ্ছে। নির্বাচনের দিন কেউতো স্বচ্ছতা নিয়ে চ্যালেঞ্জ করেনি। এখন সব অবাস্তব গল্প সাজাচ্ছে। আমরা এর জবাব জানি। জনগণ এর জবাব দিবে।
যৌথসভায় ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. হারুনুর রশীদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এসময় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম বিল্লাহ





