জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকারকে সংলাপে আসতেই হবে। প্রাণ ও সম্পদহানী আর বাড়তে না দিয়ে সংলাপে আসা উচিত।’
তিনি বলেন, ‘একদিকে গুলি ক্রসফায়ার, অন্যদিকে পেট্রোলবোমার নৃশংস হত্যা। এ অবস্থায় একটা দেশ চলতে পারে না।’
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটির সভায় তিনি এ সব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে দেশে গণবিদ্রোহ বা গৃহযুদ্ধ দেখা দেবে। ক্ষমতায় থাকা বা যাওয়ার লিপ্সা ত্যাগ করে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে হবে। তখন দ্বারে দ্বারে ঘুরলেও সংলাপ আয়োজন করা কঠিন হবে। তাই সময় থাকতেই সরকারকে সংলাপের উদ্যোগ নিতে হবে।’
জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, ‘দেশে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে উঠার সম্ভাবনা দেখা দিলেই দুই দল এমন সহিংসতা শুরু করে যাতে তৃতীয় শক্তি গড়ে উঠতে না পারে।’
২ মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন— এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক, দেলওয়ার হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, আবদুর রাজ্জাক রাজা মোশারফ হোসেন প্রমুখ।
এমকে





