রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত, অসংখ্য আহত ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তা এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল মোঃ সিরাজুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ’’চকবাজারের অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনার রেস কাটতে না কাটতেই আবারও রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারের মর্মান্তিক দূর্ঘটনায় গোটা জাতি গভীর ভাবে শোকাহত ও স্তম্ভিত। পুনরায় এমন একটি মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত। এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে’’।
তারা আরও বলেন, ''অল্প সময়ের ব্যবধানে রাজধানীতে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। দুপুর ১টায় আগুন লাগলেও সন্ধ্যা পর্যন্ত সে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রমাণ হয় দেশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। জনগণের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে মুখে মুখে উন্নয়নের বুলি দেশের মানুষ শুনতে চায় না। সুতরাং আর কালক্ষেপণ না করে সরকারের উচিৎ এমন দূর্ঘটনা থেকে দ্রুত মানুষকে উদ্ধার ও ক্ষয়ক্ষতি রোধে সর্বাধুনিক অগ্নিনির্বাপণ পদ্ধতির ব্যবস্থা করা। আমরা এ ধরণের দূর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে যার যার সাধ্যমত দূর্ঘটনায় কবলিতদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি। আশা করি সরকার ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এমন দূর্ঘটনা রোধে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন''।
দোয়া মাহফিলের কর্মসূচী ঘোষণা
মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া মাহফিলের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।
যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল সারাদেশে সকল নেতাকর্মীকে দোয়া দিবস পালনের আহবান জানান। একইসাথে নেতৃবৃন্দ দেশবাসীর কাছেও দোয়া কামনা করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
জেড





