বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন- খালেদা জিয়া আর কোনদিন প্রধানমন্ত্রী হবে না। তাকে জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রী হওয়া কি আলাউদ্দীনের চেরাগ না মামার বাড়ির মোয়া?

রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈকি কার্যালয়ে গতকাল নাটোর দেয়া খালেদা জিয়ার বক্তব্য ও যুদ্ধাপরাধী মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘সরকার এখন হিটলারের রুপে আর্বিভূত হয়েছে’ গতকাল নাটোরে দেয়া খলেদা জিয়ার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নানক বলেন, খালেদা জিয়ার স্বামী একজন হিটলার ছিলেন। তার কাছ থেকে খালেদা জিয়া হিটলারি শিখেছেন। তিনি খুন, গুম ও হত্যাকাণ্ড ঘটিয়ে হিটলারি কায়দায় ক্ষমতায় এসেছিলেন। তাই তিনি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। কিন্তু তাকে বলে দিতে চাই শাক দিকে মাছ ঢেকে পার পাওয়া যাবে না।

বিএনপি নেত্রী বলেছেন-‘আওয়ামী লীগ এক ঘরে হয়ে পড়েছে’ এ ব্যপারে আওয়ামী লীগের মন্তব্য কি? সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তারা কোনদিনও এক ঘরে হয়ে পড়েনি। আর কোন দিন পড়বেও না। প্রকৃত পক্ষে খালেদা জিয়া নিজেই এখন এক ঘরে হয়ে পড়েছেন বলেই হতাশায় নিমজ্জিত হয়ে এসব কথা বলেছেন।

তিনি বলেন, গতকাল নাটোরে খালেদা জিয়া এক জনসভায় ভাষণ দিতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তার এ বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই নয়। তার এই দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্যে আওয়ামী লীগ বিস্মিত নয়। কারণ গণতন্ত্রের প্রতি খালেদার অনাস্থা, অবিশ্বাস এবং অশ্রদ্ধা ইতোপূর্বে আমরা বহুবার দেখেছি। বন্দুকের নল দিয়ে রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়েছেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বোচ্চ রায়ে আমরা দেশবাসীর সঙ্গে সন্তোষ প্রকাশ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

এমআর/এএইচ