রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির মুক্তিযোদ্ধা দল সমাবেশ করার অনুমতি পেয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।
তবে এর আগে পুলিশ অনুমতি দেওয়া নিয়ে গড়িমসি করে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এমনকি পুলিশ মহানগর নাট্যমঞ্চের হলে তালা দিয়ে দেয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা তালা ভাঙার ঘোষণা দেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজন্য দেখা দেয়। পরে পুলিশ অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, রোববার বেলা ৩টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শামসুদ্দিন দিদার এর আগে জানান, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে রোববার বেলা ২টায় গুলশানের বাসবভন থেকে যাত্রা করবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করতে পারেনি বিএনপি। সর্বশেষ ২০১৪ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।
লন্ডনে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে আসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকেই তিনি নিয়মিত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিচ্ছেন।
এরই মধ্যে দীর্ঘ দেড় বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১২ নভেম্বর সেই সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।





