বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন।না হলে সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হাতে এখনও অনেক সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প আছে যা ছোঁয়াও হয়নি। কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ধৈর্য্য দেখাবেন তা সময়ই বলে দেবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ‘ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে’ নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার কথা স্বরণ করিয়ে দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, আগামী দুই দিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নইলে ১৬ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সরকারের ধৈর্য্যের একটি সীমা আছে।
সুরঞ্জিত বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে, কিন্তু নাশকতা করার অধিকার নেই। কোনো ধরনের চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে দাবি আদায় কার যাবে না। বিশ্বের কোনো রাষ্ট্র সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি, আপনিও (খালেদা জিয়া) পারবেন না।
সংগঠনের সভাপতি ডা. এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
এমআর/কেএইচ





