শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমরাও হরতাল করেছি কিন্তু কখনো পেট্রল বোমা মারিনি, মানুষ হত্যা করিনি।
বুধবার দুপুর ১২টায় জাতীয় জাদুঘরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এর যৌথ উদ্যোগে 'জামদানি প্রদর্শনী-২০১৫' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে আমু বলেন, এখন যারা গনতন্ত্রের নামে হরতাল করে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করে, তাদের জানা উচিত পৃথিবীর কোনো দেশে গনতন্ত্রের নামে কাউকে মানুষ মারার অধিকার দেয়া হয়নি।
গ্রীসের রানীরা মসলিন শাড়ি পড়তো উল্লেখ করে মন্ত্রী বলেন, জামদানি এখন মসলিনের উত্তরাধিকার।জামদানি শিল্পের জন্য পৃথিবীতে বাংলাদেশের বিশেষ সম্মান রয়েছে। তাই এই শিল্পের বিকাশের জন্য নারায়নগঞ্জে আমরা জামদানি নগরী করেছি। বিদেশিরা এসে যখন সুন্দর একটি জামদানি নগরী দেখবে তখন তারা এই শিল্পে বিনিয়োগ করবে।
মসলিন শাড়ি বন্ধ করার জন্য ব্রিটিশরা এদেশের কারিগরদের আঙ্গুল কেটে দিত উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন স্বাধীন জাতি, আমরা আমাদের শিল্প-সংস্কৃতি লালন করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবো।
এছাড়া শিল্পনগরীতে যারা প্লট পেয়েছেন অথচ তারা জামদানি শিল্পের সাথে জড়িত নন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন শিল্পমন্ত্রী।
বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানতে আরো উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, শিল্প সচিব মোশারফ হোসেন ভূইয়া ও জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
ইআর





